রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে শুক্রবার (১০ জুলাই) এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম হলেও সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। পাইকারি বাজার থেকে নিয়মিত পণ্য আসায় দামও বড় ধরনের ওঠানামা করেনি।

বাজারে প্রতি কেজি ঢেঁড়স ৩০ টাকা, উচ্ছে ৪০ টাকা, পটোল ৫০ টাকা, কুমড়া ৪০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁপে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম জাতভেদে ৬০ থেকে ৭০ টাকা। সাদা বেগুন ৬০ টাকা এবং কালো বেগুন ৭০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। কাঁচাকলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ প্রতিটি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৫০ টাকা, করলা ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা কেজি।

অন্যদিকে কাঁচামরিচের দাম এখনও চড়া। প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে পণ্যটি। এছাড়া পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে শাপলা ফুলের মুঠো ২০-৩০ টাকা, কলমির শাক ১০-১৫ টাকা, লাল শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

গেল সপ্তাহে ডিম ১১৫-১২০ টাকা ডজন ছিল। এখন ১২০ টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল কেজিপ্রতি ১৮০-১৯০ টাকা। এখন ১৯০-২০০। লেয়ারও কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে।

সবজির বাজারে স্বস্তি থাকলেও প্রাণিজ আমিষের বাজারে চাপ রয়েছে। প্রতি ডজন লেয়ার ডিম ৩৬০ টাকা এবং ফার্মের (বয়লার) মুরগি প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগির দাম আরও বেশি।

যাত্রাবাড়ী কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা নাহিদুল ইসলাম বলেন, ‘সবজির দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। ৫০-৬০ টাকার মধ্যে বেশির ভাগ সবজি পাওয়া যাচ্ছে। কিন্তু ডিম আর মুরগির দাম বেশি হওয়ায় সংসারের খরচ কমছে না।’

গৃহিণী সীমা আক্তার বলেন, ‘বৃষ্টির সময় সাধারণত সবজির দাম বেড়ে যায়। এবার বাজারে সবজি পর্যাপ্ত আছে। তবে ডিমের দাম আরেকটু কমলে সাধারণ মানুষের জন্য ভালো হতো।’

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির মধ্যেও বিভিন্ন জেলা থেকে নিয়মিত সবজি আসছে। ফলে সরবরাহে কোনো সংকট তৈরি হয়নি। তবে খামার পর্যায়ে উৎপাদন ব্যয় বাড়ায় ডিম ও মুরগির দাম তুলনামূলক বেশি রয়েছে।

সবজি বিক্রেতা আব্দুল করিম বলেন, ‘সবজির আমদানি ভালো আছে। তাই দামও স্থিতিশীল। কিন্তু ডিম ও মুরগির বাজার আমাদের নিয়ন্ত্রণে নয়। খামার থেকে যেভাবে আসে, সেভাবেই বিক্রি করতে হয়।’

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতেও সবজির দাম বর্তমান পর্যায়েই থাকতে পারে। তবে ডিম ও মুরগির বাজারে স্বস্তি ফেরাতে উৎপাদন ও সরবরাহ ব্যয় কমানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এনএইচ