আগামী ২০১৪-১৫ অর্থ বছরেসুপ্রিমকোর্টের জন্য ১১৩ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর আইন ও বিচার বিভাগের জন্য প্রস্তাব করা হয়েছে ১ হাজার ১০ কোটি টাকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাবে অনুন্নয়ন খাতে ৬৭০ কোটি ২ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৩৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ৮২৯ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়।
এছাড়াও সুপ্রিমকোর্টের জন্য ১১৩ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১০০ কোটি ৯৪ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য জন্য অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১১৩ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ করা হয়।
অর্থমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার করার অঙ্গিকার বাস্তবায়নের পথে অনেকখানি অগ্রসর হয়েছে সরকার। অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন, ১০ জন যুদ্ধাপরাধীর বিচার কাজ সম্পন্নকরণ, একজনের বিরুদ্ধে ফাসিঁর রায় কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, মামলা নিষ্পত্তি তরান্বিত করতে বিচার বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধি,নতুন আদালত ও ট্রাইব্যুনাল গঠন, ভৌত অবকাঠামো নির্মাণ ও সংস্কারে বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত রয়েছে। বিচারকদের আর্থিক সূযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
মন্ত্রী বলেন, সাইবার ক্রাইম দূর করতে সাইবার ক্রাইম এ্যাক্ট-২০১৩ পাস করা হয়েছে। এ আইনের আওতায় ঢাকায় একটি সাইবার ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্রচেঞ্জ কমিশনের জন্য ১টি স্পেশাল ট্রাইব্যুনালও সৃষ্টি করা হয়েছে।
[b]ঢাকা, কেএ,  ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]