২০ দলীয় জোটের আগামীকাল সোমবারে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল আহ্বানে বেসরকারী খাতের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে।
রোববার মিডিয়ায় প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটি ওই উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছে।
বিবৃতিতে এফবিসিসিআই বলেছে, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে।
দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় লাগাতার হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুৎসাহিত হবে।
উল্লেখ্য যে, একটি রাজনৈতিক দল কর্তৃক ডাকা ৪৮ ঘন্টার হরতাল চলছে। এর মধ্যে আবারো দিনব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে। এতে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ, শিক্ষা ও বিভিন্ন খাতের বিদ্যমান কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আরো উল্লেখ্য যে, হরতালের কারনে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কোরবানীর পশু পরিবহনসহ জরুরী অন্যান্য বানিজ্যিক কার্যক্রম বিঘ্রিত হচ্ছে যা সামগ্রিকভাবে অর্থনীতি, বানিজ্য ও নাগরিক কর্মকান্ড কে ক্ষতিগ্রস্ত করছে।
হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন নীরিহ মানুষের জানমালের ক্ষতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।
এ অবস্থায় ২২ সেপ্টেম্বর সোমবারের সকাল-সন্ধা ২৪ ঘন্টা দেশব্যাপী হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই আহ্বান জানিয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





