২৪ এপ্রিল গার্মেন্টস শিল্পে শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের নেতারা। রোববার শহীদ আসাদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ আহবান জানান তারা।
সভায় বক্তারা বলেন,তৈরী পোশাক শিল্প বর্তমানে এক সংকটকাল অতিক্রম করছে। গত বছর রানাপ্লাজা ও তাজরীন দুর্ঘটনার পর এই সংকট ঘনিভূত হচ্ছে। এসবকে কেন্দ্র করে দেশী-বিদেশী একটি চক্র পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। সম্প্রতি এ্যাকর্ড-এলায়েন্স আবির্ভূত হওয়ায় বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ও মালিকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
বক্তারা গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা,অধিকার নিশ্চিতকল্পে দেশের শ্রম আইন বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা বলেন, শ্রম আইন বাস্তবায়ন না হওয়ার কারণে দেশী-বিদেশী চক্র এই ষড়যন্ত্রের সুযোগ পাচ্ছে। বক্তারা মালিকদের উদ্দেশ্য করে বলেন শিল্পের টেকসই উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং দেশের আইন মেনে চলার কোন বিকল্প নেই।
২৪ জানুয়ারির পূর্বেই রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সমুদয় পাওনা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কল্যাণে গঠিত ট্রাস্ট ফান্ডের টাকা জমা দেয়ার জন্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়কারী শামীমা আখতার শিরীন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন,শহীদুল্লাহ বাদল,লাভলী ইয়াসমিন,আব্দুল ওয়াহেদ,শফিকুল ইসলাম,তপন সাহা,সুলতানা আক্তার, রাবেয়া আক্তার রাণী,মোঃ সেলিম প্রমুখ।
[b]ঢাকা, ২০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]