বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি ) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের আইপিও  আবেদন শুরু হয়েছে।
সোমবার থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কোম্পানিটির আইপিওতে প্রবাসী বাংলাদেশিরা আবেদন করতে পারবেন ৪ মার্চ পর্যন্ত।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটির প্রসপেক্ট্রাসের তথ্যানুসারে, আইপিওতে হাওয়া ওয়েল টেক্সটাইল ২ কোটি শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করবে। কোনো প্রিমিয়াম ছাড়া প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০ শেয়ারে এ কোম্পানির মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, আইপিওর মাধ্যমে উত্তোলনকৃত টাকা কোম্পানির মেশিন ও জমি ক্রয় এবং ভূমি উন্নয়ন, নতুন কারখানার ভবন নির্মাণ, বর্তমান মেশিন পরিবর্তন এবং আইপিও খরচে ব্যয় করা হবে।
কোম্পানিটির ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৮ দশমিক ৭৮ টাকা।
হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
[b]ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]