জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহযোগীতার আহ্বান জানিয়ে সরকার বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় মূসক দিবস পালন করা হবে। একইসঙ্গে ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত পালিত হবে মূসক সপ্তাহ।
দেশব্যাপী ব্যবসায়ী ও ক্রেতাদের ভ্যাট সম্পর্কে সচেতন করতে বড় শহরগুলোতে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণ থেকে র্যলি বের করবে এনবিআর। এবিআর’র প্রশাসন শাখার দ্বিতীয় সচিব মো. সুলতান আহম্মদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।
মূসক দিবসকে সামনে রেখে মত বিনিময় সভার আয়োজন করেছে এনবিআর। বৃহস্পতিবার সকাল ১১টায় রাওয়া কনভেনশন হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন-বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
মত বিনিময় শেষে উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে জাতীয় ও জেলাভিত্তিক সর্বোচ্চ মূসক প্রদানকারীদের মধ্যে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।
এবারো সারা দেশের সর্বোচ্চ ৯ প্রতিষ্ঠানকে ও জেলা পর্যায়ে ১১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে সেরা মূসক দাতার পুরস্কার। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করেছে এনবিআর।
জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য সিলেটের হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন পুরস্কৃত হচ্ছে। এছাড়া মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ গ্যাসফিল্ড প্রজেক্ট লিমিটেড,
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন লিমিটেড, আর এফ এল প্লাস্টিক, টিইউভি এসইউডি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, ন্যাশনাল টেলিভিশন (এনটিভি) লিমিটেড,
হুওয়াই টেকনোলোজিস বাংলাদেশ লিমিটেড, চট্টগ্রামের এম এম ইস্পাহানী এবং ব্র্যাক আড়ং সেরা ভ্যাট প্রদানের জন্য পুরস্কৃত হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
এদিকে ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত ভ্যাট সপ্তাহ উপলক্ষে এনবিআরসহ এর আওতাধীন ভ্যাট কমিশনারেট, বিভাগীয় কার্যালয় ও সার্কেল অফিসগুলোয় শোভাযাত্রা, সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক সাজানো হবে।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর





