শ্রীলঙ্কায় মোটা চাল রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। শ্রীলঙ্কা সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বুধবার সচিবালয়ে এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলাভের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বলেন, চাল রফতানির বিষয়টি সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রফতানির সম্ভাবনা আছে।

মন্ত্রী জানান, শ্রীলঙ্কায় চাল রফতানির বিষয়টি বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ পর্যালোচনা করছে।

খাদ্য অধিদপ্তর মন্ত্রণালয়কে জানায়, বাংলাদেশে চালের উৎপাদন ও সরকারি গুদামে মজুদ পর্যালোচনা করে ৫০ হাজার থেকে এক লাখ মেট্টিক টন পর্যন্ত চাল রফতানি করা যেতে পারে।

তবে বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশিয় চাহিদা পূরণ করেই এক লাখ মেট্টিক টন চাল রফতানি করা যাবে।

দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকশি জানান, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশন সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জি টু জি পর্যায়ে (সরকার টু সরকার) সিদ্ধ চাল আমদানির প্রস্তাব দেয়। কলম্বো বন্দরের মাধ্যমে চাল আমদানি করতে চায় শ্রীলঙ্কা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, একসময় আমাদের চাল আমদানি করতে হতো। একবার চুক্তি মোতাবেক চাল না দিয়ে একটি দেশ আটলান্টিক মহাসাগর থেকে চালের জাহাজ ফিরিয়ে নিয়েছিল। তবে এখন আমরা সৌভাগ্যবান।

সাংবাদিকদের মন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশিয় চাহিদা পূরণের পর রপ্তানির বিবেচনা করা হবে। আপদকালীন সময়েও যেন খাদ্য সংকট না হয় তা বিবেচনা করা হবে।

সরকারি খাদ্য ভাণ্ডারে বর্তমানে ১১ লাখ মেট্টিক টন চালের মজুদ রয়েছে। যা গত বছরের থেকে আড়াই লাখ মেট্টিক টন বেশি।

উল্লেখ্য, মোটা চাল রফতানি করতে হলে ২০১৪ সালের ১৫ জুন জারিকৃত এসআরও সংশোধন করতে হবে। কারণ ওই এসআরও অনুযায়ী, সুগন্ধি চাল ছাড়া অন্য সব ধরনের চাল ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত রফতানি নিষিদ্ধ রয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই