চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না বলে জানিয়েছেনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর কারণ হিসেবে তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ডকে উল্লেখ করেছেন।
মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ১০ম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী তিন মাস ও নির্বাচন পরবর্তী কিছু সময়ে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাধাগ্রস্ত হয়েছে। পণ্যের বিক্রি ও বাজারজাতকরণে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলে। এতে রাজস্ব আদায় কার্যক্রম পিছিয়ে পড়ে এবং বৈদেশিক সম্পদ ব্যবহারের গতিও শ্লথ হয়ে পড়ে।
আবুল মাল আবদুল মুহিত বলেন,গত চার বছরে অর্জিত উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে কৃষি,শিল্প ও ব্যবসায়ী কর্মকাণ্ডে উদ্ভূত অর্থনৈতিক ক্ষতির প্রভাব কিছুটা প্রশমিত করা হয়েছে। বিভিন্ন খাতের উৎপাদন,শিল্প মালিক ও ব্যবসা প্রতিনিধিত্বকারীদের সাথে পরামর্শ করে কতিপয় ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিন মাসের হরতাল-অবরোধ সত্ত্বেও দেশের সামষ্টিক প্রবৃদ্ধি— ৬.৫ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন,বার মাসের গড় মূল্যস্ফীতি গত জানুয়ারির ৭.৬ শতাংশ হতে কিছুটা হ্রাস পেয়ে ফেব্রুয়ারিতে ৭.৫ শতাংশ হয়েছে। ২০১২-১৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের বিপরীতে জুলাই-জানুয়ারি ১৪ সময়ে আমদানি ব্যয় ১৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩ দশমিক ১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আমদানি ঋণপত্র খোলা ও নিষ্পত্তির ক্ষেত্রে জুলাই-জানুয়ারি ১৩ সময়ের যথাক্রমে ৪ দশমিক ৩ ও ১১ দশমিক ২ শতাংশ ঋণাত্মক হার পরিবর্তিত হয়ে জুলাই-জানুয়ারি ১৪ সময়ে যথাক্রমে ধনাত্মক হার ১০ দশমিক ৫ ও ১৩ দশমিক ৩ শতাংশ অর্জিত হয়েছে।
ব্যক্তি খাতে ঋণ প্রবাহে জুলাই-জানুয়ারি ’১৩ সময়ের প্রবৃদ্ধি হার ৫ দশমিক ৫ শতাংশ থেকে জুলাই-জানুয়ারি ’১৪ সময়ে কিছুটা পেয়ে ৫ দশমিক ৭ শতাংশ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাস আয় ৯ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৭ দশমিক ০৩ শতাংশ হ্রাস পেয়ে ৯ দশমিক ১ বিলিয়ন ডলার অর্জন,বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফেব্রুয়ারি ২০১৩ সালে ১৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০১৪ সালে ফেব্রুয়ারিতে ১৯ দশমিক ১৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রয়েছে। সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধি চলতি অর্থবছরে আট মাসে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ অর্জন করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেএ[/b]





