ব্যাংক এশিয়ার এটিএম বুথের নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এতে বিড়ম্বনায় পড়েছে ব্যাংকটির লক্ষ লক্ষ গ্রাহক।
বিনা নোটিশে এটিএম বুথ সেবা ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গ্রাহক। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে হঠাৎ করে সার্ভার ডাউন হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, বেসরকারী খাতের এ ব্যাংকটির দেশজুড়ে ১১১ শাখা রয়েছে। এসব শাখার গ্রাহকদের ১০৮টি এটিএম বুথের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার রাত থেকে কার্যত ব্যাংকের এটিএম সেবা বন্ধ হয়ে যায়। যা শনিবার সকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ধরে এটিএম সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে ব্যাংকটির লক্ষ লক্ষ গ্রাহক।
নাম প্রকাশে অনিচ্ছুক,ভুক্তভোগী এক গ্রাহক বলেন, শুক্রবার সকালে আমি ব্যাংক এশিয়ার পল্টনের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যর্থ হই।
এ রকম সমস্যার মধ্যে পড়তে দেখা গেছে টাকা উত্তোলন করতে আসা আরো অনেককেই।
এসএম





