বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় পাটকে বিশ্বের দরবারে বাংলাদেশের ব্র্যান্ডিং হিসেবে প্রতিষ্ঠা করার পরামর্শ দেয়া হয়েছে।
আজ রবিবার সংসদ ভবনে কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

সভায় পলিথিনের ব্যবহার রোধকল্পে পাটের তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য ভবিষ্যতে বানিজ্যমেলায় পাটপণ্যের আলাদা প্যাভিলিয়ন স্থাপন এবং প্রতিটি জেলায় পাটপণ্য প্রদর্শনীর আয়োজন করাসহ ঢাকায় অনুষ্ঠিতব্য আগামী সিপিএ এবং আইপিইউ সম্মেলনে পাটজাত পণ্য ব্যবহার করার সুপারিশ করা হয়।

কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বেগম মন্নুজান সুফিয়ান, ডা. মো. এনামুর রহমান ও কুজেন্দ্র লাল ত্রিপুরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের আগামী তিন বছরের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, রেশম বোর্ডের প্রকল্প ধারণা পত্র ও আগামী এক বছরের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা, পাটনীতি, বি.জে.এম.সির বর্তমান অবস্থা এবং করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় পাটের বহুমুখী ব্যবহার উৎসাহিত করার জন্য পাটপণ্য প্রদর্শনী মেলায় দিকনির্দেশনা প্রদান এবং পাট পণ্যকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করায় কমিটির পক্ষ থেকে পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার জন্য একটি সার্বিক কর্মপরিকল্পনা ও রূপরেখা প্রনয়ণ করে তাতে কী পরিমাণ বাজেট বরাদ্দ দরকার তা আগামী বৈঠকে কমিটির কাছে উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়।

সভায় দেশে এবং দেশের বাইরে পাটজাত পণ্যের বহুমুখী বাজার সম্প্রসারণের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে মন্ত্রণালয়ে আলাদা গবেষণা সেল স্থাপন করার সুপারিশ করা হয়।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এআই