ইউরোপের সবচেয় বড় ব্যাংকিং কোম্পানি এইচএসবিসি (দ্য হংকং এন্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন) বিশ্বব্যাপী ২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
ব্যাংকটির প্রধান নির্বাহী স্টুয়ার্ট গাল্লিভার মঙ্গলবার হংকং স্টক একচেঞ্জে এক বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন।
বিবিসি ও আলজাজিরা বলেছে, আগামী দুই বছরে কোম্পানিটি পাঁচশ’ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ২৫ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। তবে একই বিবৃতির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে।
বিবিসি বলেছে, ২৫ হাজারের মধ্যে আট হাজার কর্মীই ছাঁটাই করা হবে ব্রিটেন থেকে। সম্প্রতি ব্রিটেন সরকার ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে। এর ফলে খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিৃবতিতে বলা হয়েছে।
বিবৃতিতে ব্রিটেনে এইচএসবিসি’র ব্র্যান্ড নেম পরিবর্তন করার কথাও উল্লেখ করা হয়েছে।
কেএইচ





