সপ্তাহের শেষ দিনেও দেশের উভয় বাজারে সূচক কমেছে। এ নিয়ে টানা ৪ দিন পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

মঙ্গল ও বুধবার টানা দুই দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার নীচে লেনদেন হলেও বৃহস্পতিবার তা ৪৫০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৪ লাখ টাকা। বুধবারের তুলনায় লেনদেন বেড়েছে ১৯৩ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেন বাড়ার এ হার ৭৩.৬৯ শতাংশ। বুধবার লেনদেন হয়েছিল ২৬২ কোটি ৫৬ লাখ টাকা।

এদিকে বেশীরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৪.৮৮ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৬৪.৪৮ পয়েন্টে। বুধবার সূচক কমেছিল ৯.৯৬ পয়েন্ট। আর গত ৪ দিনে সূচক কমেছে ৭৫ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৩১৯টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দর।

এদিকে লেনদেনের শীর্ষে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি। দিনশেষে কোম্পানিটির ১৮ কোটি ৪১ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার লেনদেন হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা। ১১ কোটি ৭২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইফাদ অটোস, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, বারাকা পাওয়ার, সিঙ্গার বিডি।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৪.১৭ পয়েন্ট কমে দিনশেষে ৮৪৮৮.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

কেএইচ