ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন টাঙ্গাইলের যমুনা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার শুরু হয়ে শনিবার দুদিনব্যাপী এ সম্মেলন শেষ হয়। এতে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুজ্জামান, মো. নজরুল ইসলাম খান, ময়মনসিংহ জোনপ্রধান মো. মতিয়ার রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. কামাল উদ্দিন জসীমসহ জোনের ১৮টি শাখার প্রধান এবং ম্যানেজার অপারেশনস উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান বলেন, সাধারণ মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে ব্যাংক আজ যে পর্যায়ে এসেছে তা অক্ষুন্ন রেখে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। এজন্য সেবার মান বাড়ানোর পাশাপাশি আধুনিক তথ্য ও প্রযুক্তিসমৃদ্ধ জ্ঞান অর্জন করে নিজেদের সময়োপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি এ অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দিয়ে আমানত, বিনিয়োগ ও রেমিট্যান্স বৃদ্ধির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক সম্পদভিত্তিক বিনিয়োগ প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণ বৃদ্ধি করছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও মানুষের মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়ে ব্যাংক বিনিয়োগ করে থাকে।
তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত বছরগুলোর মতো ভবিষ্যতেও কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষকে অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





