হরতাল নয, বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা অবকাঠামো অনুন্নয়ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন ওথম্যান। এছাড়া তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা, রাজনীতি, ব্যবসা ও শিল্পকারখানা সবই ঢাকা কেন্দ্রিক। এছাড়াও এখানকার আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নয়। বিনিয়োগ বাড়াতে অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

নরলিন ওথম্যান বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। হরতাল গণতান্ত্রিক অধিকার, আইনতও বৈধ। তাই বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে হরতালের চেয়েও বড় বাধা অবকাঠামোগত অনুন্নয়ন।

এ সময় তিনি বিনিয়োগ বাড়াতে আঞ্চলিক পর্যায়ে শিল্পকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান।

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রতারিত শ্রমিক প্রসঙ্গে হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় অনেক দেশের শ্রমিক কাজ করে। শুধুমাত্র বাংলাদেশ থেকে জি টু জি পদ্ধতিতে শ্রমিক নেওয়া হয়। এই পদ্ধতিতে শ্রমিকেরা প্রতারিত হয় না। তবে এর বাইরে বিভিন্ন প্রলোভনে পড়ে যারা সে দেশে যায় তারাই প্রতারিত হয়। এটা বন্ধে আমরা শীগগিরই পদক্ষেপ নিচ্ছি।

মালয়েশিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই মুসলিম দেশ। অভিন্ন নীতিতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্য।বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিভিন্ন সময়ে উভয় দেশের মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাইকমিশনের সচিব আহমেদ ফিকরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, সহ-সভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর