নাগরিক সুবিধা নিশ্চিত করতে বড় অংকের বিনিয়োগ করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)। দেশের ৫টি সিটিকরপোরেশনে (চট্টগ্রাম, নারায়নগঞ্জ, রংপুর, গাজীপুর ও কুমিল্লা) ইনক্লুসিভ সিটি গবরন্যান্স প্রজেক্ট বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।

এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৯৪৩ কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে ২ হাজার ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকা। বাকী ৫৪৫ কোটি ৩১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে বলে জানাগেছে।

এ উদ্যোগটি বাস্তবায়িত হলে নির্ধারিত সিটি করপোরেশনগুলোর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মৌলিক নাগরিক সেবাসমূহ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের জীবনযাত্রারমান ও পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, প্রতিকুল আর্থ-সামাজিক ও পরিবেশগত অবস্থান থাকলেও জাতীয় উন্নয়নে বাংলাদেশের শহর ও নগরগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দরিদ্র দেশ হওয়ায় দ্রুত বর্ধনশীল এসকল নগরে চাহিদা মতো অবকাঠামো সুবিধা প্রদান করতে পারছে না। ২০১১ সালে এদেশে নগর জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ২৮ শতাংশ। প্রতিবছর নগর জনসংখ্যা ৩ দশমিক ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

নগরায়নের এ গতির সঙ্গে নাগরিক পরিসেবাসমূহ যেমন পানি সরবরাহ, ড্রেনেজ, রাস্তা, ব্রীজ ইত্যাদি তৈরি করে সেবা দেয়া সম্ভব হচ্ছে না। পরিবহন অবকাঠামোর স্বল্পতার কারনে শহরগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। নগরে রয়েছে আবাসনের স্বল্পতা ও ভাল আবাসনের অভাব। অন্যদিকে নগরের বিভিন্ন পরিসেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে সমন্বয় না থাকায় নাগরিকদের যথাযথ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

প্রকল্পের আওতায় চারটি কম্পোনেন্টে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এগুলো হচ্ছে গবারন্যান্স ইমপ্রুভমেন্ট এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, আরবান ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট, ইকুইপমেন্ট ক্রয় এবং কনসালটিং সার্ভিসেস কম্পোনেন্ট।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এমআর