তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর চতুর্থ দিন বৃহস্পতিবার পতন হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনভর মিশ্র প্রবণতায় উভয় পুঁজিবাজারে লেনদেন হয়। দিনশেষে সূচক কমলেও টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩২ কোটি ২১ লাখ ২৬ হাজার টাকা।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এ দিন এ কোম্পানির ১ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ৮০০টি শেয়ার ৪৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৬০০ টাকায় লেনদেন হয়েছে।
বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৫৯৫ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৫৭৮ কোটি ৪১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার টাকা।
এদিন ডিএসই’র টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৩৬০ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার পরবর্তী স্থানে রয়েছে যথাক্রমে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, গোল্ডেন সন, বেক্সিমকো ফার্মা, বিডি বিল্ডিং, এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা ও বিএসআরএম স্টিলস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৬৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫০ লাখ টাকা।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





