আইন লঙ্ঘনের দায়ে ৩ বিমা কোম্পানিকে এক কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
কোম্পানিগুলো হচ্ছে- ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ফিনিক্স ইন্স্যুরেন্স। ট্যারিফ রেট লঙ্ঘন এবং বাকিতে ব্যবসা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জরিমানার অংক ইষ্টল্যাণ্ডের ৫৮ লাখ ৫০ হাজার, সিটি জেনারেলের ২৪ লাখ এবং ফিনিক্স-এর ৫৪ লাখ টাকা।
আইডিআরএ-র মতে, এ ধরনের কাজ বিমা আইন- ২০১০ এর বেশ কয়েকটি ধারার লঙ্ঘন। ফলে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইডিআরএ সূত্র জানায়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ভিন্ন ভিন্ন পরিদর্শন দল গত ৬ এপ্রিল ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের কারওয়ান বাজার শাখা, গুলশান শাখা, মতিঝিল ও প্রিন্সপাল শাখা পরিদর্শন করে। অপর একটি দল ১১ এপ্রিল একই কোম্পানির মহাখালী শাখা পরিদর্শন করে। পরিদর্শনকালে তাদের মানি রিসিপ্ট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভারনোট ও পলিসি পরীক্ষা করে বাকিতে ব্যবসা করা ও ট্যারিফ রেট লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়গুলো বিমা আইন, ২০১০-এর ১৮ (৩), ১৭ ও ৬০ ধারা এবং ইন্সুরেন্স রুলস ১৯৫৮ এর ৪৪ থেকে ৫১ ধারার লঙ্ঘন। পরে অভিযুক্ত কোম্পানির শাখাগুলোকে নিয়ে পৃথক পৃথক শুনানি অনুষ্ঠিত হয়।
আইডিআরএ এর একটি পরিদর্শন দল গত ২৯ এপ্রিল সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এলিফ্যান্ট রোড শাখা এবং অপর একটি দল ২৭ এপ্রিল একই কোম্পানির লোকাল অফিস পরিদর্শন করে। পরিদর্শনকালে তাদের মানি রিসিপ্ট, ব্যাংক ডিপোজিট স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, কাভারনোট ও পলিসি পরীক্ষা করে বাকিতে ব্যবসা ও বীমা আইন, ২০১০-এর ৪৯ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অভিযুক্ত কোম্পানিটিকে জরিমানা করা হয়।
গত ৩০ এপ্রিল ফিনিক্স ইন্স্যুরেন্সের নিউমার্কেট শাখা ও কারওয়ান বাজার শাখা পরিদর্শনকালেও একই অনিয়ম পাওয়ায় তাদেরও জরিমানা করা হয়।
কেএইচ





