সিলেটের এমসি কলেজে ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বর্ষবরণের অনুষ্ঠানে মঞ্চ দখলের জের ধরে এ সংঘর্ষ হয়।
বুধবার রাত সাড়ে ১১টায় জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হিরন মাহমুদ নিপু ও ছাত্রলীগের জাহাঙ্গীর গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে।
টিলাগড় পয়েন্টে এই সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এই পরিচয় পর্ব থেকে বাদ যান জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হিরণ মাহমুদ নিপু। এতে ক্ষুব্ধ হয়ে বিকাল সাড়ে ৪টার দিকে নিপু গ্রুপের আকাশ ও ডায়মন্ডের নেতৃত্বে অনুষ্ঠানে হামলা চালানো হয়।
হামলায় তিনজন আহত হন। তারই জেরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সংঘাতে জড়াল ছাত্রলীগের দুই গ্রুপ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





