নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে শামসুদ্দিন সৃজন(১৯) নামের ১ম বর্ষের এক শিক্ষার্থীর। সোমবার (২৫ জুন) বিকাল সাড়ে তিন টার দিকে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শামসুদ্দিন সৃজন ফেনী জেলার সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মো. ইমাম উদ্দীন সবুজ মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সৃজন বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পুকুরে সাঁতার কাটতে যান। পুকুরে নামার কিছুক্ষন পরই তিনি নিখোঁজ হন। বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়েরর কর্তৃপক্ষের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর জাল টেনে তাকে উদ্ধার করে।
পরবর্তীতে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছেন সৃজন এর পরিবার ও তার সহপাঠীরা।
উল্লেখ্য, সৃজন দীর্ঘ একমাসের ছুটি কাটিয়ে রবিবার (২৪ জুন) রাতে নোয়াখালী ফিরেছিলেন।
রাজিয়া জান্নাত/এসএম





