সম্প্রতি আলোচনায় এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এ বিশ্ববিদ্যালয়টির ৫৩ শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গ্রহণযোগ্য কারণ ব্যতীত ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করল।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচটি বিভাগের মোট ৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত আছেন। তাদের মধ্যে রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের ৫ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ৬ জন রয়েছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগের কোনো শিক্ষার্থী গ্রহণযোগ্য কারণ ব্যতীত অনুপস্থিত নেই বলে এসব বিভাগের সভাপতিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করেছে।
তবে বাংলা ও লোক প্রশাসন বিভাগ থেকে এখনও এ বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। এদিকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগের তালিকা প্রকাশের কাজ প্রক্রিয়াধীন বলে বিভাগের সভাপতিরা জানিয়েছেন।

 

তালিকা প্রকাশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েসসাইটে প্রকাশিত নামের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে তারা ঈদের ছুটির পর লিখিতভাবে জানাতে পারবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাবার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

 

 

 

 

এআই