যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। এই বোর্ডে এবার পাসের হার মাত্র ৪৬ দশমিক ৪৫ শতাংশ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ৫৮। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৯ শতাংশ।

মাধবচন্দ্র রুদ্র জানিয়েছেন, বেশিরভাগ শিক্ষার্থী এবার ইংরেজিতে ফেল করেছে। ফল বিপর্যয়ের এটি প্রধান কারণ বলে তিনি মনে করেন।

চলতি বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ হাজার ৯২৭ জন, যেখানে গত বছর পেয়েছিল ৪ হাজার ২৩১ জন। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ কমেছে ২ হাজার ৩০৪।

চলতি বছর এই বোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৯০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬১ হাজার ৩৮১ ছাত্র এবং ৫৫ হাজার ৫২৪ ছাত্রী। ২১২টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলার ৫৫৮টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষার্থীদের মধ্যে রয়েছে- বিজ্ঞান বিভাগে ১৪ হাজার ২২ জন, মানবিক বিভাগে ৭৪ হাজার ৫৩৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮ হাজার ৩৪৫ জন। এ ছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ১৩১ জন।

এমকে