বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় পৃথক এ ৩টি মামলা দায়ের করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে বাকৃবি ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগ সভাপতির কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করে।
এছাড়াও মোটরসাইকেল পোড়ানোসহ হামলা-ভাংচুরের ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের পক্ষের ৫ জনের বিরুদ্ধে অপর ১টি মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম টাইমনিউজবিডি'কে জানান, ৭ জুলাই রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত রাতে থানার উপ-পরিদর্শক এসএম নূর মোহাম্মদ বাদী হয়ে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নামে অস্ত্র আইনে একটি মামলা করেন। মামলা নং- ৩০ (৭) ১৫।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন (মামলা নং-৩২ (৭) ১৫ ও জেলা ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বোন জামাই মাহমুদুর রহমান সুরুজ বাদী হয়ে (মামলা নং- ৩১ (৭) ১৫)
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোর্শেদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে পৃথক ২টি মামলা দায়ের করে।
কোতোয়ালী মডেল থানার ওসি জানায়, স্থানীয় এলাকাবাসী ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে পিটুনি দিয়ে একটি পাইপগানসহ পুলিশের হাতে সোপর্দ করে।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ঢাকা পুঙ্গ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে। পুলিশ পৃথক তিনটি মামলায় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা অলি ও বাম্পীকে গ্রেফতার করেছে।
ওএইচ/ এআর





