রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২টি আবাসিক হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে শাহ মখদুম হল গেটের সামনে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
একই সময়ে সোহরাওয়ার্দী হলের অভ্যন্তরে ফাঁকা স্থানে একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হলের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে চলমান আন্দোলনের কয়েকজন সংগঠক শাহ মখদুম হলে অবস্থান করছিলেন। এসময় হঠাৎ হল গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ জানাতে পারেন নি।
আন্দোলনকারীদের একজন জানান, তারা শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। তাদের চলমান আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য কোনো একটি মহল এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের মাঝের ফাঁকা জায়গায় একটি ককটেল
বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তবে অন্যদিকে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ। তারা মনে করছেন চলতি আন্দোলনকে স্তব্ধ করতে বরাবরের ন্যায় প্রশাসন চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করতে এই ককটেলের বিস্ফোরণ ঘটানো হলো।
তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান টাইমনিউজবিডি.কমকে জানান, যারা নাশকতা সৃষ্টি করতে চায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার সাথে জড়িত যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ