জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে শাখা ছাত্রলীগ নেতাদের ‘স্বঘোষিত’কমিটি ঘোষণার পাশাপাশি লুটপাটের ঘটনায় অফিসটি সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবারের এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চলচ্চিত্র সংসদের কর্মীরা লিখিত অভিযোগ করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা এ ব্যবস্থা নেয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবারের সংসদের নতুন সদস্যপদ প্রদানের সাক্ষাৎকার স্থগিত করেছে চলচ্চিত্র সংসদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, তালা মারা ও লুটপাটের ঘটনায় অফিসটি সিলগালা করা হয়েছে। রবিবার চলচ্চিত্র সংসদের কর্মীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া দোষীদের শাস্তি প্রদানে চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ হালিমকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে।
এ ব্যাপারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং চলচ্চিত্র সংসদের মেন্টর জুনায়েদ আহমেদ হালিম সাংবাদিকদের বলেন, চলচ্চিত্রের প্রতি আগ্রহী এবংআত্মনিবেদনসম্পন্ন ব্যক্তিরাই এ সংগঠনের সাথে যুক্ত। অথচ ছাত্রলীগ নামধারী কতিপয় অসভ্য, অসংস্কৃত, বেহাজ ছেলেপেলে এ সংগঠনের কার্যক্রমে বাধা দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, তারা চলচ্চিত্র সংসদের ভেতরে রাখা ক্যামেরা, চাঁদার টাকা লুট করে নেয়। এ ধরনের বেয়াদবিকে কোনরকম প্রশ্রয় দেওয়া হবে না। ছাত্রলীগের এ সমস্ত নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা লুট করা উপকরণ ফেরত না দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে চুরির মামলাসহ অন্যান্য পদক্ষেপ আমরা গ্রহণ করবো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর মোস্তফা রাহুলসহ জবি ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের কয়েকজন অনুসারী চলচ্চিত্র সংসদের কক্ষে প্রবেশ করে সংসদের কর্মীদের বের করে দিয়ে রুমের দখল নেয়।
এ সময় রফিকুল নিজেকে চলচ্চিত্র সংসদের সভাপতি ও রাহুল সাধারণ সম্পাদক দাবি করে ২৩ সদস্যের কমিটি ঘোষণার পাশাপাশি সংসদের নাম পরিবর্তন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থিয়েটার ও চলচ্চিত্র সংসদ রাখে।
পরে তারা চলচ্চিত্র সংসদের আলমারির তালা ভেঙে সংসদের ফান্ডের টাকাসহ সকল গুরুত্বপূর্ণ নথিপত্র, ইয়াসিকা এফ৭ মডেলের ক্যামেরা, বিগত সকল প্রোগ্রামের ফাইল লুট করে কক্ষে তালামেরে দেয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করে চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস জানান, তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে বিষয়টি অবগত করে চলচ্চিত্র সংসদের কর্মীরা বিকাল ৪টার দিকে কক্ষে আরেকটি তালা লাগায়। কিন্তু এরপর সন্ধ্যার দিকে ফোনের মাধ্যমে রফিকসহ পরিচয় প্রদানবিহীন কয়েকজন চলচ্চিত্র সংসদের কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার পাশাপাশি তালা খুলে দেওয়া না হলে সংসদকর্মীদের ক্যাম্পাসে না ঢুকতে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছেন তিনি।
এবিষয়ে যোগাযোগ করার চেষ্টা করলে রফিকুলের মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
কেএইচ





