রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যায় শিবিরকে দায়ী করে ক্লাশ-পরীক্ষা বন্ধ করে তৃতীয় দিনের মত ক্যাম্পাসে ধর্মঘট পালন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
ধর্মঘটের কারণে সোমবার ১০টি বিভাগের চূড়ান্ত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি হওয়ায় ক্যাম্পাসের এই অচল অবস্থা নিরসনে এখন কিছু করতে পারছেন না বলে জানান উপাচার্য।  
শুক্রবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে (২৩০) গুলিতে নিহত হয় ছাত্রলীগ নেতা রুস্তম। এ ঘটনায় শনিবার থেকেই সকল প্রকার ক্লাশ-পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়।
জানা যায়, সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের,আইন বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের,অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের,ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ও ভাষা বিভাগের (ফার্সি) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা বন্ধ করা হয়েছে।
এছাড়াও একাধিক বিভাগের চূড়ান্ত ও মৌখিক পরীক্ষা ধর্মঘটের কারণে স্থগিত করতে বাধ্য হয়েছে বিভাগগুলো।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সভাপতি মিজানুর রহমান রানা বলেন,তৃতীয় দিনের মত আজও ধর্মঘট পালিত হচ্ছে। তবে আগামীকাল থেকে ধর্মঘট চলবে কিনা তা বিকালে জানিয়ে দেয়া হবে।
এ বিষয়ে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন,যেহেতু এটা ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ তাই আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের বলেও ধর্মঘট থেকে সরাতে পারিনি। তবে দ্রুত এ অবস্থা থেকে উত্তরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]