শিক্ষক নিয়োগ বন্ধ করার দাবিতে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে (দায়িত্বপ্রাপ্ত) অবরুদ্ধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিয়োগ বোর্ড বসার পর শাবি ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসিকে ভেতরে রেখে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেয়।
পরে ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নেতৃত্বে সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, সহ-সভাপতি অঞ্জন রায়, প্রথম যুগ্ম-সম্পাদক সাজিদুল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সকালে ভিসিকে অবরুদ্ধ করে।
ছাত্রলীগের বাধার মুখে বেশ কয়েকজন প্রতিযোগী নিয়োগ বোর্ড পর্যন্ত যেতে পারেননি। প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থেকে তারা ফিরে যেতে বাধ্য হন।
আন্দোলনরত ছাত্রলীগের নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় এখন বন্ধ। এর মধ্যে তড়িঘড়ি করে সমাজ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের বাছাই কেন, তা আমাদের বোধগম্য নয়।
তারা বলেন, এই মুহূর্তে তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের অনুমতি দেওয়াটা সন্দেহজনক মনে হয়েছে। এ নিয়োগের মাধ্যমে বর্তমান আওয়ামী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কখনো হতে দেবে না।
স্বচ্ছতার ভিত্তিত্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই নিয়োগ প্রক্রিয়া প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন ছাত্রলীগের নেতারা।
পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ভিসি ইলিয়াস উদ্দিন বিশ্বাস বের হয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান।
ভিসি বলেন, ছাত্রলীগের আন্দোলনের কারণে নিয়োগ বোর্ড স্থগিত করেছি। একটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে নিয়োগ বোর্ড কমবেশি করতে পারে।
উল্লেখ্য, গত ৭ জুন অধ্যাপক আব্দুল গনির বিভাগীয় প্রধানের দায়িত্বের মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলে, বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটি থাকা অবস্থায় তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের জন্য ৪ জুন বাছাই বোর্ডের তারিখ নির্ধারণ করে।
কেএইচ





