ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি দিয়েছে ছাত্রলীগের জহুরুল হক হল শাখার নেতারা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন প্রথম বর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলেন-বোরহান (আরবি ২য় বর্ষ),ওমর ফারুক (ইসলামিক স্টাডিজ,১ম বর্ষ),বোরহান উদ্দিন (ইসলামিক স্টাডিজ, ৪র্থ বর্ষ),মওদুদ(ইসলামিক স্টাডিজ,৩য় বর্ষ) এবং ২০১৩-১৪ সেশনে ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী রাকিব। তার দেশের বাড়ি ঝিনাইদহ।
এদের মধ্যে বোরহানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মারধরে তার পা ও শরীরের বেশ কিছু অংশে ছিদ্র ছিদ্র ক্ষত তৈরি হয়েছে।  
প্রত্যক্ষদর্শীরা জানান,বিকালে হলের সভাপতি রিফাত জামানের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগকর্মী শিবির সন্দেহে ওই শিক্ষার্থীদের হলের ছাদে নিয়ে যায়। সেখানে তাদেরকে রড,হকিস্টিক ও স্ট্যাম্প দিয়ে পৌনে এক ঘন্টা সময় ধরে বেধড়ক পেটায়।
পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়।
শাহবাগ থানার এসআই সাইদ জানান,চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে মেডিকেল চেক আপ করানো হয়েছে। চিকিৎসা শেষে এদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হবে।  
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী জানান,শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এর আগেও কয়েকবার শিবির সন্দেহে বেশ কয়েকজন শিক্ষার্থীকে শিবির সন্দেহে পিটিয়েছে এবং হল থেকে বের করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।