ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীনতা দিবসের খাবার খেয়ে অসুস্থ হয়েছে অর্ধশতাধিক ছাত্রী। অসুস্থ ছাত্রীদের ২৬মার্চ বিকাল থেকেই ইবি চিকিৎসা কেন্দ্রে গিয়ে প্রথামিক সেবা নিতে দেখা গেছে। দেশরত্ন শেখ হাসিনা হলের খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে বলে জানা যায়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ভোজের আয়োজন করে ইবির আবাসিক হলগুলো। এবছর প্রতি প্যাকেট খাবারে ৩৫টাকা শুভেচ্ছা মূল্য নেয়া হয়েছে। খাবার ম্যানুতে ছিল বিরায়ানী, মুরগির রোস্ট, ডিম ও ডাল। স্বাধীনতা দিবসের খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ইবি চিকিৎসা কেন্দ্রে ভিড় জমায় আবাসিক হলের ছাত্রীরা। তাদের সাথে কথা বলে জানা যায়, সাবাই দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী। চিকিৎসক জানান, ২৬মার্চ বিকেল থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী খাবার খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসে।

খাবার রান্নার দায়িত্বে ছিলেন হলের ডাইনিং ম্যানেজার ও সার্বিক দেখাশুনা করেন হলের শাখা কর্মকর্তা। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দুপুরের খাবার দুপুরের খেয়েছি, খাওয়াতে কোন ত্রুটি ছিল না। হলের রান্না ঘরের নোংড়া পরিবেশের কারণে খাবারে কোন জীবাণু প্রবেশ করে থাকতে পারে। হলের ডাইনিংয়ের পরিবেশ উন্নত করার দাবি জানান তারা।’

হলের শাখা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নিকট এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হলের খাবার বিতরণ করা হয়েছে দুপুরে কিন্তু যারা অসুস্থ হয়েছেন তারা সবাই রাত্রে খেয়েছেন। দুপুরের খাবার রাত্রে খাওয়ার কারনেই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে অসুস্থ শিক্ষার্থীদের দাবি তারা দুপুরের খাবার দুপুরেই খেয়েছে।’

ইবি চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিক্যাল অফিসার বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া হওয়ার কারনে শিক্ষার্থীরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।’

শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ‘হলের প্রায় ৯শত শিক্ষার্থীর খাবার রান্না করা হয়েছিল। খাবারের ডাল প্যাকেট করার আগে ঠান্ডা করা হয়েছে তবে যেসব ডাল নিচে ছিল সেগুলো একটু গরম অবস্থায় পলিথিনে প্যাকেট করা হয়। যার কারনে এই সমস্যা হতে পারে। আগামী দিন থেকে বিষয়টি যথাযথ তদারকি করা হবে।’

সাইফুল্লাহ হিমেল/এসএম