সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর ডাক্তারদের হামলার প্রতিবাদে এ মানববন্ধন পালন করে তারা।
সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকির ইকরামের সভাপতিত্বে ও ডেইলি স্টারের প্রতিনিধি সাঈদ শুভ’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটের ট্রেজারার ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আলী রমজান, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম,বিডি নিউজের নাদিম মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গতকাল রাজশাহী মেডিকেলে সাংবাদিকদের ওপর ডাক্তারদের হামলায় পুরো জাতি স্তম্ভিত হয়েছে। ডাক্তাররা হলেন মানবতার সেবক। তারা যে ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করলেন তা সকল ডাক্তারের জন্য কলঙ্কজনক।
তারা বলেন,সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়,যখন যে ঘটনা ঘটে,সেটাই তারা তুলে আনে। এতে কখনো কারো পক্ষে যায়,কখনো বিপক্ষে যায়।
বক্তারা পুলিশ প্রশাসনের সমালোচনা করে বলেন,গতকাল সাংবাদিকরা যখন মার খাচ্ছিল, তখন পুলিশ চেয়ে চেয়ে দেখছিল। তারা এগিয়ে আসলে সাংবাদিকদের এমন মার খেতে হতো না।
তারা সরকারকে উদ্দেশ করে বলেন,সংবাদ ক্ষেত্রকে যদি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মনে করেন,তাহলে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করুন। তা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই খবর সংগ্রহ করতে সাংবাদিকরা হাসপাতালে ছুটে গেলে ডাক্তাররা একযোগে তাদের ওপর হামলা করে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]