জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জাবি কর্তৃপক্ষ। বোরবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সংঘঠন আনন্দশালার শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন।
প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন,শিক্ষা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও মৌলিক অধিকার। রাষ্ট্রেরই দায়িত্ব তাদের উপযোগী পরিবেশ তৈরি করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ পেলে সমাজ,দেশের জন্য সম্পদ হয়ে উঠতে পারে। উপাচার্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ যত্ন এবং নজরদারি করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অভিভাবকদের বক্তৃতায় আবুধাবী প্রবাসী আলাউদ্দিন বলেন, আমার সন্তান আনজুমি আতফি সাবা,ওর বয়স  যখন ৫ বছর। অন্যসব শিশুদের মতো গত বছর সাবাকে সাধারণ স্কুলে ভর্তি করা হয়। কয়েক দিনের মধ্যেই লক্ষ করা যায়,সাবা ওর সহপাঠিদের সঙ্গে মিশতে পারছে না। চিকিৎসকদের কাছে গেলে জানা যায়,সাবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল সাবা'র জন্য উপযুক্ত। আমি তখন বিদেশ থেকে  দেশে ফিরে আসি এবং সাবাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল 'আনন্দশালায়' ভর্তি করিয়ে দিই। গত এক বছরে সাবা'র উন্নতি চোখে পড়ছে। সে এখন অন্যান্য বাচ্চাদের সঙ্গে মেশার চেষ্টা করছে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক শেখ মনজুরুল হক,কলা ও মানবিকী অনুষদের প্রাক্তন ডিন অধ্যাপক ড. অসিত বরণ পাল,রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, অধ্যাপক ড. শাহেদুর রশিদ,অধ্যাপক ড. খবির উদ্দিন,শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক কামরুল আহসান,সিন্ডিকেট সদস্য তরিকুল ইসলাম,অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর তমাল,ড. আবদুল্লাহেল কাফী,অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবুল, কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,কর্মচারি ইউনিয়নের সভাপতি আবদুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্কুল প্রতিষ্ঠার দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য স্কুল ও কলেজ থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্কুল থাকা বাঞ্ছনীয়। তাদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে আমাদের সচেতনতা প্রকাশ করতে হবে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]