রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাবনার ঈশ্বরদী এলাকার রেফাত খন্দকার রোজ (১৮), তানোরের বানিয়াল এলাকার নাহিদ (২০), নাটোরের লালপুর এলাকার শাওন (১৭), জাহিদ (১৯) ও অপর একজনের নাম পাওয়া যায়নি। আহতরা সবাই সভাপতি রিগেন গ্রুপের। এদের সকলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাম্পাসের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিগেন ও সাধারণ সম্পাদক রাশেদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ দ্বন্দ্বের জের ধরেই বিকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় রাশেদ গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রিগেনের সমর্থকদের উপরে হামলা চালায়।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন জানান, সংঘর্ষের পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কেএইচ





