‘প্রতিবন্ধীরা সমাজের দায় নয়, সম্পদ’ স্লোগানকে প্রতিপাদ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমাদের সমাজে প্রতিবন্ধীদের আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে। বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। যারা প্রতিবন্ধী তারা ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর পেলে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হবে।’
‘বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন কমিটি, ২০১৪’-এর আহ্বায়ক এবং ছাত্র-কল্যাণ পরিচালক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জামাল খান, প্রক্টর ড. নূর মোহাম্মাদ প্রমুখ।
এর আগে উপাচার্যের নেতৃত্বে একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে ইংরেজি বিভাগের অধ্যয়নরত প্রতিবন্ধী ছাত্র মো. মোখলেছুর রহমান রচিত একটি বই স্বহস্তে উপাচার্যকে উপহার দেন।
কেএইচ





