চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাহিদ হাসান নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নাহিদ চবির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাহিদ চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে বের হলে কয়েকজন ছাত্রলীগের কর্মী তার ওপর হামলা চালায়। এই সময় তাকে গুরুতর আহত অবস্থায় তার সহপাঠিরা চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাটহাজারীতে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, ছাত্রলীগের কর্মীরা একজনকে মারধর করেছে। সে যদি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকে বা মামলার আসামি হয় তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, আমরা মৌলবাদ হঠাতে বদ্ধ পরিকর। ক্যাম্পাসে কোনো মৌলবাদী শক্তি যেনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে ছাত্রলীগ সজাগ থাকবে।

কেএইচ