বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে বলে জানা যায়।
সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাধন (২৪), মনিশঙ্কর (২৩), আশিষসহ (২৩) চারজনকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হলের সিট দখলকে কেন্দ্র করে মনিশঙ্কর ও সাধন সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে ৬ জন আহত হন।
এ ঘটনার জের ধরে কলেজ ছাত্রলীগ নেতা মুনিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনা আরও বেড়ে যায়।
বহিরাগতরা ছাত্রাবাস ভাঙচুর, মোবাইল সেট ও নগদ টাকা লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান মুকুল জানান, ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পরিস্থিতি এড়াতে হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এসএইচ/এমকে





