কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কুবি'র বঙ্গবন্ধু হলের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ফাঁকা গুলিতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কুবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আলিফ ও সেক্রেটারি রেজা-ই-এলাহীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বহিরাগত পিচ্চি মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্রদের ওপর অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় গণিত তৃতীয় বর্ষের ছাত্র মেজবাহ এবং ব্যবস্থাপনা বিভাগের পঞ্চম বর্ষের ছাত্র তানভীরসহ অন্তত ১৫ জন আহত হয়। আহত অন্যদের নাম জানা যায়নি।

কুবি ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন আলিফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুবি শাখা ছাত্রলীগের সেক্রেটারি রেজা-ই-এলাহী জানান, বঙ্গবন্ধু হলের সামনে কিছু শিক্ষার্থী চা খাচ্ছিলো। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে ১৪/১৫ জন আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো.আইনুল হক জানান, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাদের ডেকে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।

কেএইচ