চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মো. শাহজাহান নামে ছাত্রশিবিরের এক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে। শাহজাহান বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শিবিরের আলাওল হল শাখার সাবেক সভাপতি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ৫০১ নং কোর্সের পরীক্ষায় অংশ নিয়ে বের হয় শাহজাহান। এসময় ছাত্রলীগের কিছু কর্মী পেছন থেকে ধাওয়া দেয়। সমাজবিজ্ঞান অনুষদের সামনে তাকে ধরে মারধর করে তারা। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
হাটহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. ইসমাইল বলেন,‘শিবিরের এক নেতাকে মারধরের খবর পেয়ে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে যায় পুলিশ। সেখান থেকে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’
কেএইচ





