শিক্ষানগরী রাজশাহীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের ঢাকায় অবস্থানরত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রাক্তন ছাত্ররা বলেন, “মসজিদ মিশন একাডেমী রাজশাহী নগরীর একটি স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ৩টি শাখার মাধ্যমে সাফল্যের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রাজশাহীতে রেজাল্টের দিক থেকে এ প্রতিষ্ঠানটিই বর্তমানে শীর্ষে অবস্থান করছে। মসজিদ মিশন একাডেমী তার নিজস্ব চেষ্টা, তৎপরতা ও যোগ্যতার মাধ্যমে রাজশাহীর মানুষের মাঝে একটি জায়গা করে নিয়েছে। একজন ছাত্রকে পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা, সামাজিকতা ও দেশপ্রেম শিক্ষাদানের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরিতে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র-ছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত থেকে দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে।”
ছাত্ররা আরও বলেন, “প্রতিষ্ঠানটির এমন সফলতায় ঈর্ষান্বিত হয়েই বর্তমানে একটি কুচক্রী মহল স্কুলটিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিথ্যা অপবাদ ও ভ্রান্ত তথ্যের মাধ্যমে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের প্রতারিত করে তারা এ হীন ষড়যন্ত্রের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এরূপ গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অসত্য ও বিদ্বেষপ্রসুত তথ্যের মাধ্যমে একটি মহল শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করেছে তাও সম্পূর্ণ বানোয়াট এবং ষড়যন্ত্রের অংশ বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেইসাথে দ্বার্থহীন কন্ঠে আমরা বলতে চাই মসজিদ মিশন একাডেমীকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা। তারা সংশ্লিষ্ট মহলকে এই সকল অপচেষ্টা বন্ধের উদাত্ত আহ্বান জানান।”
“অন্যথায় প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রাজশাহীবাসী সহ সচেতন সমাজকে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায়, প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম রক্ষার্থে প্রতিষ্ঠানের সাথে থেকে কুচক্রী মহলের সকল অপতৎপরতা রুখে দিতে কার্যকর উদ্যোগ গ্রহন করবে।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





