রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মীসহ তিন শিক্ষার্থীকে পেটানোর পরদিন আরও দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ।
সোমবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মেয়াদোর্ত্তীণ কমিটির সদস্য সাকিবুল ইসলাম বাকির নেতৃত্বে অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনা ঘটিয়েছে।
গত রোববার প্রায় একই সময়ে সেখানেই ছাত্রলীগের নেতার ডাকে সাড়া না দেয়ায় ছাত্রদলকর্মীসহ তিনজনকে পিটিয়েছিল সংগঠনটির নেতাকর্মীরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শোভন কাউছার ও ইতিহাস বিভাগের একই বর্ষের রমিজুল ইসলাম।
ভুক্তভোগী শোভন জানান, তিনি ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বসে পড়াশোনা করছিলেন। দুপুর ১২টার সময় তার পাশেই বসে লোক প্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী কথা বলাবলি করছিলেন। এতে তার পড়ায় ব্যঘাত ঘটায় তিনি তাদেরকে কথা বলতে নিষেধ করেন।
এসময় তারা নিজেদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয় দিলে তিনি তাদের পরিচয়পত্র দেখতে চান। তাদের পরিচয়পত্রে ১ম বর্ষ লেখা ছিল। পরে তারা গ্রন্থাগার থেকে বেরিয়ে গিয়ে তাকে মারধরের কথা বাইরে বলাবলি করছিল। পরে বিষয়টি তিনি জানতে পেরে ওই শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে তারা ছাত্রলীগের বাকির নেতৃত্বে তাকে ও তার বন্ধুকে মারধর করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিবেন বলেও জানান শোভন।
বাকি মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে সভাপতি ও সম্পাদক বসে সব ঠিকঠাক করে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। এখন সবকিছু মিটমাট হয়ে গেছে।
কেএইচ





