চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে হাটহাজারী মডেল থানায় মামলা করেন।
মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল হান্নান, আলাউদ্দিন আলম, ছাত্রলীগ কর্মী সিয়ামসহ ১৫ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারা সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি’র নেতাকর্মী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন চৌধুরী বলেন, ১৫ ফেব্রুয়ারি দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় একটি গ্রুপের কর্মীরা শিক্ষকদের বাসস্থানে হামলা, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, শিক্ষকদের ক্লাব ও প্রশাসনিক ভবনে তালা দেওয়ার সঙ্গে জড়িত। তাদের আসামি করে মামলা করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। তারা সবাই সিএফসি গ্রুপের নেতাকর্মী।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের ভিএক্স ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এক পর্যায়ে উত্তেজিত সিএফসি কর্মীরা শিক্ষকদের বাসস্থানে হামলা, শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, শিক্ষকদের ক্লাব ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়।
পরে বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে উভয় গ্রুপের ৬২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এমকে





