চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে হামলা চালিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এতে ট্রেনচালক ও ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রক্টরের অপসারণের দাবিতে ছাত্রলীগের একাংশের কর্মীরা  বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন।
আহতরা হলেন-ট্রেন চালক মো. আনোয়ার হোসেন, রেলওয়ে পুলিশের কনস্টেবল মুশফিক ও ফরিদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর অবরোধকারীরা শাটল ট্রেনটি বিকল করে দেয়।
চবির শিক্ষাথীরা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌলার অপসারণের দাবিতে চবি ছাত্রলীগের সহ-সভাপতি অতিম কুমার বসু ও সুমন মামুনের অনুসারীরা বুধবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। অবরোধের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে টায়ার জ্বালিয়ে নন্দীর হাট, ফতেয়াবাদ এলাকার রেললাইনের ওপর আগুন ধরিয়ে দেয়।
চট্টগ্রাম রেলওয়ের ষোল শহর স্টেশন মাস্টার মো. সাহাবউদ্দিন জানান, হামলার কারণে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও পৌনে ১০টার ট্রেন চলাচল করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে সকাল ৯.৫০ মিনিটের শাটল ট্রেন ছাড়া হয়। ট্রেনটি নগরীর মুরাদপুর হামজারবাগ এলাকায় পৌছলে অবরোধকারীরা পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে ট্রেন চালক ও রেলওয়ে পুলিশের ২ সদস্য আহত হয়।
ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরব আলী জানান, সকালে শাটল ট্রেনের গ্যাস পাইপ কাটা দেখতে পাই আমরা। কে বা কারা করেছে তা আমরা খতিয়ে দেখছি। এ কারণে সকালের ৩টি ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল ১০টার ট্রেনে হামজারবাগ এলাকায় পাথর নিক্ষেপ হলে আমরা ট্রেনের নিরাপত্তা কারণে ষ্টেশনে ফিরিয়ে নিয়ে আসি। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বাসও চলেনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌলাহ বলেন, কারা আমার পদত্যাগ দাবি করেছে তা জানি না। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। বরং শাটল ট্রেন চলাচলে যারা বাধা দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
৫ এপ্রিল চবি ক্যাম্পাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নাসির হায়দার বাবুলকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে ছাত্রলীগের একাংশ। লাঞ্ছিতকারীদের শাস্তি চেয়ে সুমন মামুন এর অনুসারীরা এক মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে।
প্রশাসন তাদের দাবির সাথে এক মত না হওয়ায় তারা বুধবার থেকে প্রক্টরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]