রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত দ্য ডেইলি স্টারের সাংবাদিক আরাফাত রহমানকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে আরাফাত রহমান বাদী হয়ে মতিহার থানায় এ মামলা দায়ের করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন করিব মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আহসান লাবন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০৭, ৩২৩ ও ৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশ ট্রাভেলস-এর বাস ভাঙচুর করছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান লাবন, আইনবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাননসহ ১০/১২ জন নেতাকর্মী।
ওই ঘটনার ছবি তোলায় সাংবাদিক আরাফাতের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন ছাত্রলীগ নেতারা। পরে গুরুতর আহত অবস্থায় আরাফাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
এমএনজে





