চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুটি গ্রুপের নিয়ন্ত্রণে থাকা শাহজালাল হল এবং শাহ আমানত হল ঘিরে অভিযান শুরু করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটা থেকে চট্টগ্রামের হাটহাজারী থানা এবং চট্টগ্রাম জেলা পুলিশের প্রায় ৩ শতাধিক পুলিশ সদস্য দুই হল ঘিরে অভিযান শুরু করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী দুই হলে পুলিশের অভিযানে সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ শাহজালাল হল এবং শাহ আমানত হলে অভিযান শুরু করেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গ্রুপ ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলিবিনিময়ের পর বুধবার এই দুই গ্রুপের নিয়ন্ত্রিত দুটি হলে অভিযান শুরু করে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের নিয়ন্ত্রণ রয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু গ্রুপের এবং শাহ আমানত হলের নিয়ন্ত্রণ রয়েছে সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন গ্রুপের।

এমকে