কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ফাঁকা গোলাগুলিও হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার তিতুমীর কলেজের শহীদ আক্কাসুর রহমান আঁখি হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
পদপ্রাপ্ত ও তাদের কর্মীরা এ নিয়ে আনন্দ উদযাপন করে হলে মিছিল করতে থাকে। একপর্যায়ে পদবঞ্চিতদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কলেজ প্রাঙ্গণে উত্তেজনা বিরাজ করে।
খরব পেয়ে পুলিশ কলেজ ছাত্রাবাসে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান রাত ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, 'কমিটি নিয়ে কলেজ ছাত্রাবাসে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
দুইপক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকতে বলা হয়েছে। এরপরও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।'
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সমর্থকদের মধ্যে শুধু গলা ধাক্কাধাক্কি হয়েছে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি।
এমকে





