আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত রাজু ভাস্কর্য ও শাহবাগে অবস্থান কর্মসূচী পালন শেষে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এর আগে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচী পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকালে নির্বাচন পেছানোসহ ৩ দফা দাবিতে তাদের দেওয়া ১৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যে বিক্ষোভ করে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করতে যাত্রা শুরু করেন ঢাবি শিক্ষার্থীরা। সেসময় পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে এসে পুলিশের বাধা উপেক্ষা করে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি
১. আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ আগামী ১৫ জানুয়ারি বেলা ১২টার মধ্যেই পরিবর্তন করতে হবে৷
২. সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের দায়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে৷
৩. নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল বেলা ১২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা ও নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন।
কিন্তু একই তারিখ সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন তার প্রতিবাদ করে নির্বাচন পেছানোর দাবি তোলে।
এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।
তবে সেই রিটের শুনানি নিয়ে আদালত মঙ্গলবার রিটটি সরাসরি খারিজ করে দেন।
এএস





