হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র ২০১৫ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ শাখা সূত্রে জানা যায়,রোববার থেকে শুরু হওয়া ১ম বর্ষ অনার্সের ভর্তি পরীক্ষার রেজিষ্ট্রেশন চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রিপেইড টেলিটক মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে ভর্তিচ্ছুরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর থেকে ৫ নভেম্বরের মধ্যে। ২০১৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদ নামে নতুন ১টি অনুষদ ও ৬ টি ডিগ্রী কোর্স চালু করা হয়েছে। ২০১৫ শিক্ষাবর্ষ হতে এসব ডিগ্রীর অধীনে শিক্ষার্থী ভর্তিসহ পূর্ণাঙ্গ শিক্ষাকার্যক্রম শুরু করা হবে।

চলতি শিক্ষাবর্ষে ৭টি অনুষদের অধীনে ১৮টি কোর্সে ১ হাজার ৭৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর