রাজশাহী কলেজের আন্দোলনত শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতোমধ্যে কলেজে তিনটি বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

দুর্ঘটনায় তিন ছাত্রী নিহতের জেরে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করে।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- রাজশাহী কলেজে বাসের সংখ্যা বাড়ানো, প্রশিক্ষিত-দক্ষ চালক এবং চালকদের পর্যাপ্ত অবসর ও বেতন নির্ধারণ করতে হবে, দুর্ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ দুর্ঘটনায় নিহত-আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া।

স্থানীয় সূত্র জানায়, দাবি আদায়ে সোমবার সকালে প্রথমে কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এছাড়া সাহেববাজারের সামনে সমাবেশ ও সড়ক অবরোধ করে তারা। শিক্ষার্থীদের সাড়ে তিন ঘণ্টাব্যাপী এ অবরোধের সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এদিকে মঙ্গলবারও আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধে নামার কথা ছিল। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় শিক্ষার্থীদের সব দাবি সোমবার রাতেই মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শিক্ষার্থীরা  জানায়, যাতায়াতের জন্য প্রতি বছর কর্তৃপক্ষ তাদের থেকে ফি আদায় করে। কিন্তু কলেজের কোন নিজস্ব বাস নেই।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান  জানান, শিক্ষার্থীরা যেসব দাবি করছে তাতে তিনি একমত। শিক্ষার্থীরা দাবি করার আগে থেকেই এসব কাজ সম্পন্ন করার জন্য কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছিল। এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে কলেজের সবাই সমান ব্যথিত। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে।

অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘ইতোমধ্যেই ৩টি নতুন বাস কেনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের অনুমোদনের চিঠি পেয়ে যাবো। এরপর সরকারি গাড়ি তৈরি প্রতিষ্ঠান প্রগতিকে বিষয়টি জানাবো। তারা যতো তারাতারি বাস দিতে পারবে ততো দ্রুতই আমরা বাস পাবো।’

এ ঘটনায় তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় তাদের স্মরণে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে কালে ব্যাজ ধারণ করে শিক্ষক-শিক্ষার্থীরা কলেজে আসেন। তবে ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ গেটে মঙ্গলবার পরিচয়পত্র দেখে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়া হয়। এছাড়া ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনার দোষীদের শাস্তি, নিহত ও আহতদের ক্ষতিপুরণ, নিজস্ব ও নতুন কলেজ বাসের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

৭ ডিসেম্বর রোববার দুপুরে রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকার জুটমিলের সামনে রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস (ভাড়ায় চালানো) ও অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রীদের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে তিন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামে।

জেআই