[b]ঢাকা: [/b]ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হলের লিফটের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত সোহেল রানা (৩০) ওই হলের কর্মচারী বাবুল মুন্সীর ভাগ্নে বলে জানা গেছে। সিএনজি অটোরিক্সা চালক সোহেল রানার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।
লিফটের নিচ থেকে উদ্ধার করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন।
হলের লিফটম্যান মোহাম্মদ শফিক বলেন, লিফটি আগে থেকেই ত্রুটিপূর্ণ ছিল। যখন উপরে ওঠার জন্য সোহেল বোতাম চাপে তখন দরজা খুলে যায়, কিন্তু লিফট উপরের দিকেই ছিল। লিফটের ভেতরের দিকে পা বাড়াতে গিয়ে সোহেল নিচে পড়ে যান। এবং আটকে পড়ে চিৎকার শুরু করেন। তবে চেষ্টা করেও তিনি লিফট থামাতে পারেননি। তখন একটা বিকট শব্দ পাওয়া যায়। পরে তারা লিফট খুলে রক্তাক্ত অবস্থায় নিচ থেকে উদ্ধার করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন, লিফটের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।