বাংলাদেশ মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্দোগে রাজধানীর এক মিলনায়তনে ১ অক্টোবর ঐতিহাসিক আলিয়া মাদরাসা শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিষদের সদস্যসচিব হাফেজ মহিউদ্দিন এ.কে জিলানী এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা হাফেজ ইমদাদুল হক।

প্রধান অতিথি তার বক্তব্যে মাদরাসা ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, বিশ্বময় ইসলামের আলো
জালিয়ে দিতে তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদরাসা শিক্ষাব্যবস্থায় সকল বৈষম্য দূর করে যুগোপযোগী আলেম হতে কুরআন ও হাদিসের সমন্বিত সিলেবাস প্রণয়ন এবং ছাত্র ও শিক্ষকদেরকে সকল সুযোগ-সুবিধা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন পরিষদের কেন্দ্রীয় আহবায়ক হাফেজ নূর হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, ১৭৮০ সালের এই দিনে কলকাতা আলিয়া মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রচলিত মাদরাসা শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

তিনি সারাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে নিম্নোল্লিখিত ১৩ দফা দাবী পেশ করেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান, সানাউল্লাহ গাজী সহ পরিষদের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

উল্লেখিত দাবীসমূহ
১. প্রত্যেক গ্রামে একটি করে ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে জাতীয়করণ করতে হবে।
২. প্রত্যেক জেলায় কমপক্ষে একটি করে সরকারী মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে।
৩. মাদরাসার পাঠ্যবই প্রণয়নে একটি স্বতন্ত্র টেক্সট বুক বোর্ড প্রতিষ্ঠা ও মাদরাসা শিক্ষিতদের দিয়ে মাদরাসার সিলেবাস প্রণয়ন করতে হবে।
৪. পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে মাদরাসা ছাত্রদের ভর্তিবৈষম্য দূর করে যোগ্যতার ভিত্তিতে সকল বিষয়ে ভর্তির সুযোগ করে দিতে হবে।
৫. মাদরাসা শিক্ষকদেরকে দক্ষ এবং যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক জেলায় মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে।
৬. নতুন মাদরাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় সমান সুযোগ প্রদান করতে হবে।
৭. মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবী-পায়জামা এবং রাসূল (সা.) এর সুন্নত টুপি ও দাড়ির খোলস ব্যবহার করে নাটক সিনেমায় খলনায়কদের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে সকল কার্যক্রম বন্ধ করতে হবে।
৮. মাদরাসা ছাত্রদের বৃত্তিসংখ্যা এবং টাকার পরিমাণ বৃদ্ধি করতে হবে।
৯. সহিহ কুরআন তিলাওয়াতের লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত তালিমুল কুরআনকে পাঠ্য বই হিসেবে সংযুক্ত করতে হবে।
১০.চাকরির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করেত হবে।
১১. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে যে সকল মাদরাসায় অনার্স ও মাস্টার্স আছে সেসব মাদরাসায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।
১২. অনার্স ও মাস্টার্স পর্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব এমপিও ভুক্তির আওতায় নিয়ে আসতে হবে।
১৩. ১ অক্টোবরকে আলিয়া মাদরাসা শিক্ষা দিবস ঘোষণা করতে হবে।
এএস