কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত হয়েছেন ৬ জন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়া হাউজিং এলাকায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের ৫০ ফুট বাই ৩০ ফুট ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এই ছাদটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায়। ঢালাইয়ের নিচের অংশ বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দেওয়া ছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক ফিরোজ কুতুবী বলেন, ধারণা করা হচ্ছে বাঁশের খুঁটি দুর্বল ছিল। এ কারণে ভবনটির ওই অংশ ধসে পড়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমআর