বান্দরবানে পর্যটকবাহী দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রে (জাবি) ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের পর্যটন স্পট নীলগিরি সড়কের অ্যাম্পু পাড়ায় পর্যটকবাহী দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
গুরুতর পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এরা হলেন- নাদিয়া, উর্মি, বাবু, নার্গিস ও তানিয়া। বাকি আহতদের নাম জানা যায়নি। তারা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
চিকিৎসক প্রবীর চন্দ্র বণিক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি কাজী মুজিবুর রহমান, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর থানার অফিসার ইন চার্জ ইমতিয়াজ আহম্মেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, জেলার থানচি সড়কের অ্যাম্পু পাড়া দিয়ে একটি জিপে করে জাবির শিক্ষার্থীরা নীলগিরি যাচ্ছিলেন। এ সময় নীলগিরি থেকে ফেরারপথে পর্যটকবাহী অপর একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
কেএইচ





